ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, ১৮ বছরের বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক নিজের ইচ্ছেমতো ধর্ম গ্রহণ করতে পারেন। দেশটির সংবিধানে সেই অধিকার দেওয়া রয়েছে।
ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, অশ্বিন উপাধ্যায় নামে আইনজীবীর আবেদনের জবাবে শুক্রবার ভারতের উচ্চ আদালত এ মন্তব্য করে।
অশ্বিনের আবেদন ছিল, ভারতের বিভিন্ন স্থানে যে ধর্মান্তরকরণ চলছে, সর্বোচ্চ আদালত তা বন্ধ করার জন্য কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিক।
বিচারপতি আর এফ নরিম্যান, বি আর গাভাই ও ঋষিকেশ রায়কে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ সংবিধান বিরোধী এই আবেদন পেশ করার জন্য অশ্বিনের অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণকে রীতিমতো কঠোরভাবে ভর্ৎসনা করে।
বিচারপতিরা বলেন, “একজন সিনিয়র অ্যাডভোকেট হয়ে সংবিধানে নাগরিকদের অধিকারের কথা আপনার জানা নেই? না জানলে এই আবেদনকারীর প্রতিনিধিত্ব করার আগে জেনে নিতে পারতেন। এভাবে আদালতের সময় নষ্ট করায় আমরা আপনার এবং আপনার নিয়োগকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি।”
তখন শঙ্কর নারায়ণ বলেন, “ঠিক আছে, আমরা আবেদন প্রত্যাহার করে নিচ্ছি। তবে এই আবেদন নিয়ে যাতে আমরা সরকার ও আইন কমিশনের কাছে যেতে পারি তার অনুমতি চাইছি।”
সুপ্রিম কোর্ট সেই অনুমতিও দিতে অস্বীকার করে আবেদন নাকচ করে দেয়।
সাম্প্রতিক সময়ে ভারতে ধর্মান্তকরণ বিশেষ করে বিয়ের জন্য হিন্দু ধর্ম পরিবর্তন বেশ কঠোর সমালোচনার মুখে পড়েছে। একে সাধারণত ‘লাভ জিহাদ’ বলে অভিহিত করা হয়। ইতিমধ্যে কয়েকটি রাজ্যে এ বিষয়ে কঠোর আইন পাস হয়েছে।