প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে (৩৩) আটক করেছে পুলিশ।
শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে স্বামীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্ত্রীর প্রেমিক কাইয়ুমের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের তেলিপাড়ার তেলি বাড়ির ইরান বাদশার মালিকানাধীন পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় চেয়ারম্যানকে জানান তারা। চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
উদ্ধারের পর এলাকাবাসী এটি একই বাড়ির জয়নাল আবেদীন কালা মিয়ার (৩৭) লাশ বলে শনাক্ত করেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ জয়নাল আবেদীনের স্ত্রী লিমা আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, পরকীয়া প্রেমকে কেন্দ্র করে গত এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল কালা মিয়া ও লিমার। স্বামীর অভিযোগের ভিত্তিতে কয়েকবার বৈঠক করে তাদের কলহ মেটানোর চেষ্টা করেন তারা। প্রতিবারই স্ত্রী তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার কথা দেন। কিন্তু বারবার কথা দিয়েও প্রেমিক কাইয়ুমের সঙ্গে সম্পর্ক চালাতে থাকেন স্ত্রী লিমা আক্তার।
এর মধ্যে একাধিকবার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলেও ৭ ও ৯ বছর বয়সী দুই মেয়ের দিকে তাকিয়ে ও এলাকাবাসীর অনুরোধে তালাক দেওয়া থেকে বিরত থাকেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সীতাকুন্ড মডেল থানা পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
তিনি জানান, অজ্ঞান করার পর স্বামীর অণ্ডকোষ কেটে হত্যা নিশ্চিত করে লাশ পুকুরে ফেলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।