সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক হাসান শাহরিয়ার শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বাদ আসর মরহুমের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হবে।

৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার বেশ অসুস্থ হয়ে গেলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়।

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।