শরীরচর্চা নাকি ‍ঘুম, তৈমুরের কাণ্ডে দ্বিধায় কারিনা

শরীরচর্চার প্রতি কারিনা কাপুর খানের যে দুর্বলতা, সেটি তার পুত্রের বেলায়ও তৈরি হয়েছে। একদম মায়ের মতোই শরীর-স্বাস্থ্য নিয়ে মনোযোগী। তবে ঘুমটা একটু বেশি!

ইনস্টাগ্রামে শনিবার তৈমুরের একটি ছবি শেয়ার করেছেন কারিনা। সেখানে দেখা যাচ্ছে, যোগব্যায়ামের মাদুরের ওপর শুয়ে রয়েছে তৈমুর। পরনে সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের প্যান্ট। চোখ বন্ধ করে রেখেছে সে। মাথার ওপরে টানটান করে রাখা হাতগুলি।

ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘যোগব্যায়ামের পর নিজেকে টানটান করছে না ঘুমানোর পর, সেটা কখনো বুঝতে পারবেন না’। এর পরেই দুটি হাসির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

ছোট্ট তৈমুরের কাণ্ড দেখে আপ্লুত নেটিজেনরাও। মন্তব্য বিভাগে ‘সাইফিনা’-র টিমকে ভালোবাসা জানিয়েছেন তারা। মাত্র ১ ঘণ্টার মধ্যেই এই ছবিতে প্রায় আড়াই লাখ লাইক।

শুধু যোগব্যায়াম নয়, রান্নাবান্নাতেও যথেষ্ট মন সাইফ আলি খান এবং কারিনার জ্যেষ্ঠ পুত্রের। কিছুদিন আগেও কুকি তৈরি করেছিল সে। যেমন তেমন কুকি নয়। মা, বাবা, ভাই এবং নিজের আকৃতির কুকি রীতিমতো থালায় সাজিয়ে এনেছিল।

ছেলের হাতে তৈরি নিজের ছোট্ট পরিবারকে দেখে আপ্লুত হয়েছিলেন কারিনাও। সেই ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী।