অবশেষে ভেঙেছে নাগরপুরের ঝুঁকিপূর্ণ সেই সেতুটি

শেষ পর্যন্ত নাগরপুরের ঝুঁকিপূর্ণ সেই সেতুটি ভেঙে পড়েছে। বালুভর্তি একটি ট্রাক নিয়ে সেতুটি গত শুক্রবার রাত ৯টার দিকে ভেঙে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এরপর থেকে এ সড়কে যানচলাচল বন্ধ হয়ে আছে। নাগরপুর দরগ্রাম ভায়া ছনকা বাজার সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এ সেতুটি নিয়ে দৈনিক দেশ রূপান্তর গত ৩ এপ্রিল একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু তাতেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

স্থানীয়রা জানান, সেতুটির দুই পাশের রেলিং ভেঙে ও মাঝখানে দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এরপরও ওই সড়কে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করত। তবে দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন দশা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

পরে রাতে বালুভর্তি একটি ট্রাক ব্রিজের ওপর ওঠার সময় ভেঙে খাদে পড়ে যায়। এতে চালক সামান্য আহত হন। সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কসহ পাশর্^বর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।