দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে সামনে থেকেই বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় ম্যাচে তার সেঞ্চুরিতে এসেছিল জয়। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টিতেও আরেকটি সেঞ্চুরি হাঁকালেন এই উইকেটরক্ষক ব্যাটার। সুবাদে দাপুটে জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে ১১০ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চার ম্যাচের চারটিতেই জিতে প্রতিপক্ষকে এখন হোয়াইটওয়াশ করার অপেক্ষায়।
এদিন নিগারের ১০১ রানের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২৩৬ রানের পুঁজি গড়ে স্বাগতিকেরা। জবাবে ৪৬.৫ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।
নিগারের ১৩২ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা। এ ছাড়া মুরশিদা খাতুন ৭৮ বলে ৪১, সোবহানা মাস্তুরি ৫২ বলে ৪৫ ও লতা মন্ডল ১৬ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন।
নিগার দ্বিতীয় ম্যাচেও অপরাজিত ১০১ রান করেন ১৩৫ বলে।
জবাবে দিতে নেমে ফাহিমা খাতুনের বোলিং তোপে পড়ে প্রোটিয়া মেয়েরা। ৪ উইকেট নেন ফাহিমা। সালমা খাতুন নেন জোড়া উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রিতু মনি, নাহিদা আক্তার ও লতা মন্ডল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্নেকে বোস সর্বোচ্চ ৬৩ রান করেন। ৮১ বলে ৭ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস।
ম্যাচসেরা হয়েছেন নিগার। একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ মঙ্গলবার।