থাকা-খাওয়া বাদে মাত্র এক হাজার টাকা বেতনে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফারজানার ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ নেয় লাইলি আক্তার (১৬) নামে এক কিশোরী। আট মাস আগে কাজে যোগনের পর থেকে তার ওপর নেমে আসে পাশবিক নির্যাতন। ঠুনকো কারণে পা থেকে মাথা পর্যন্ত মধ্যযুগীয় পন্থায় নির্যাতন করা হয় লাইলিকে। যার ফলে অকালেই মুত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে এ কিশোরীকে।
গত শনিবার ওই শিক্ষাপ্রতিষ্টানের একটি আবাসিক ভবন থেকে লাইলির লাশ উদ্ধার করে পুলিশ। লাইলির সমস্ত শরীরে ভয়াবহ আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ও স্বজনদের ধারণা, পিটিয়ে ও বিভিন্ন নির্যাতনের ফলে মৃত্যু হয়েছে লাইলির। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত ফারজানা ইসলামকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। ফারজানা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষিকা।
পুলিশ জানিয়েছে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চন্দ্রপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার সন্তান লাইলি। বর্তমানে নিউমার্কেটের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল শিক্ষিকা আবাসিক ভবনের ১/১-এইচ নম্বর বাসার চতুর্থ তলায় থাকতেন।
লাইলির মা শ্যামলা বেগম ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, গত আট মাস আগে তাকে একই গ্রামের শিক্ষিকা ফারজানা ইসলামের এক ফুপুর মাধ্যমে ওই বাসায় কাজের জন্য দেওয়া হয়। মাসে থাকা খাওয়াসহ হাত খরচ হিসেবে এক হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে এ যাবত তাকে এক টাকাও দেয়নি। তিনি জানান, সর্বশেষ দুই সপ্তাহ আগে লাইলির সঙ্গে কথা হয় তার। এর আগে গত আট মাসে তার সঙ্গে কথা হয়েছিল মাত্র কয়েকবার। তবে লাইলি যখনই তার সঙ্গে কথা বলতো তখন পাশে দাঁড়িয়ে থাকতো ফারজানা। দুই তিন মিনিটের বেশি কথা বলতে দিত না তাকে। এ জন্য তার ওপর যে এই নির্যাতন করা হতো সেগুলোও কিছুই বলার সুযোগ পেতো না সে। ২ মাস আগে লাইলিকে নিয়ে গ্রামে বাড়িতে গেলেও তখনও তার সঙ্গে লাইলির দেখা করতে দেননি ফারজানা।
নিহত লাইলির দূর সম্পর্কের চাচাতো ভাই নুরুল ইসলাম বলেন, লাইলিকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে নিউমার্কেট থানার ওসির মাধ্যমে আমরা লাইলির মৃত্যুর খবর পাই। পরে রাতেই আমরা ঢাকায় আসি। খুনির কঠোর বিচার চাই আমরা। ২ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট ছিলো লাইলি। তার মা শ্যামলা খাতুন ভিক্ষাবৃত্তি করেন। আর তার বাবা সিরাজ মিয়া কয়েক বছর আগে মারা গেছেন। অভাবের কারণেই তাকে গৃহকর্মীর কাজে দেওয়া হয়েছিল।
এ বিষয়ে নিউমার্কেট থানার এসআই আতিকুল বিশ্বাস মুকুল জানান, চতুর্থ তলার বাসাটির গৃহকর্তী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ফারজানার ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতো লাইলি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাইলির মা থানায় একটি হত্যা মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাইলি লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে, লাইলির ঠোঁটের ডান পাশে ক্ষত, থুতনিতে কাটা দাগ, গলায় ক্ষতচিহ্ন, ডান কোমড়ে থেঁতলানো যখম, কোমরের পিছনে চামড়া ওঠানো, দুই হাটু থেঁতলানো ছিল। হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন অংশে গরম পানি দিয়ে ঝলসানো ও ফোসকা পড়া।