অসাম্প্রদায়িক চেতনার বিরোধী দল অত্যাবশ্যক হয়ে পড়েছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সরকারি দলের পাশাপাশি একটি অসাম্প্রদায়িক চেতনার শক্তিশালী বিরোধী দল অত্যাবশ্যক হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়ে থাকে। এ কথা অনেকাংশে সত্য যে, নানা ঘাত-প্রতিঘাত ও বাধা-বিপত্তির মধ্যে আমাদের গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

একটি দায়িত্বশীল বিরোধী দল গণতন্ত্রকে শক্তিশালী করতে যথেষ্ট অবদান রাখতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শক্তিশালী একটি বিরোধী দলের অনুপস্থিতিতে একদিকে যেমন উগ্র সাম্প্রদায়িক রাজনীতি সবল হওয়ার উর্বর ক্ষেত্র খুঁজে পায়, তেমনি সরকারি দলেরও একটি অংশের স্বেচ্ছাচারী হওয়ার অবকাশ থেকে যায়। 

তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিরোধীদলের শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
লকডাউন চলাকালে পণ্যবাহী পরিবহন যাতে কোনভাবেই যাত্রীবাহী পরিবহনে রূপ না নিতে পারে সেদিকে খেয়াল রাখতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

সোমবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে, কেউ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বের বিষয়কে গুরুত্ব দিচ্ছে না, এ ধরনের মনোভাব করোনা সংক্রমণকে আরো অবনতির দিকে নিয়ে যেতে পারে। তাই আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’