ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

ইরানের নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে গত রবিবারের দুর্ঘটনাকে ইসরায়েলি সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে ইরান। দেশটির বিরুদ্ধে তেহরান কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

তেহরানের দক্ষিণাঞ্চলে নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে গত রবিবার হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এ সেক্টরের জন্য বিরল ঘটনা। ঘটনাকে গতকাল সোমবার ইসরায়েলের নাশকতা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মো. জাভেদ জারিফ। হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। তিনি বলেন, ‘এখন তারা (ইসরায়েল) ভাবছে তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছে। তবে আরও বেশি পরিমাণে পারমাণবিক অগ্রগতির মধ্য দিয়ে তাদেরকে জবাব দেবে তেহরান।’ নাতাঞ্জকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলারও অঙ্গীকার করেন তিনি।

দুর্ঘটনার একদিন আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নাতাঞ্জ কেন্দ্রে নতুন সেন্ট্রিফিউজ উদ্বোধন করেন। সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সেন্ট্রিফিউজ যন্ত্রটি কাজে লাগে। পরে ওই ইউরেনিয়াম ব্যবহার করে রিঅ্যাক্টর ফুয়েল বা পরমাণু অস্ত্র তৈরি করা যায়। ইরান জানিয়েছে, ভূগর্ভে নতুন করে ১৫০ সেন্ট্রিফিউজ চালু করা হচ্ছে। তবে দুর্ঘটনার দিন রবিবার বিকেলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে বিস্তর লড়াই বাকি।