দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হচ্ছে সেই নিক্কনের

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েও দরিদ্রতার কারণে চিকিৎসক হওয়ার স্বপ্ন ভেস্তে যেতে বসেছিল দিনাজপুরের নিক্কন রায়ের। তবে শেষমেশ মেডিকেলে পড়ার স্বপ্নপূরণ হতে যাচ্ছে তার। দৈনিক দেশ রূপান্তরসহ কয়েকটি গণমাধ্যমে নিক্কনকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তার পড়ালেখার সব খরচ জোগানোর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম।

জানা গেছে, গতকাল সোমবার দৈনিক দেশ রূপান্তরে নিক্কনকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর হুইপ ইকবালুর রহিম শিক্ষার্থী নিক্কন রায়, তার বাবা ভ্যানচালক খনিজ চন্দ্র রায় ও মা মমতা রানী রায়ের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি রাঙ্গামাটি মেডিকেল কলেজে নিক্কনের পড়ালেখার সব খরচ বহনের ঘোষণা দেন।

এ ব্যাপারে হুইপ ইকবালুর রহিম দেশ রূপান্তরকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানার পর মেধাবী শিক্ষার্থী নিক্কনের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। আমি প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব গ্রহণ করি। জাতীয় সংসদ থেকে যে সম্মানী পাই, তার সম্পূর্ণ টাকা আমি দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করি। ওই টাকায় ইতিমধ্যে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে।’

সাংসদ ইকবালুর রহিম ছেলে নিক্কনের পড়াশোনার দায়িত্ব নেওয়ায় খুশি তার বাবা-মা। তারা দেশ রূপান্তরকে বলেন, ‘ছোটবেলা থেকে নিক্কন মেধাবী। আমরা গরিব মানুষ। তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করা আমাদের পক্ষ থেকে সম্ভব ছিল না। এ দুঃসময়ে হুইপ ইকবালুর রহিম ছেলের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব।’

নিক্কন তার প্রতিক্রিয়ায় দেশ রূপান্তরকে বলেন, ‘মাননীয় হুইপ স্যার আমার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন। আমি অনেক খুশি। আমি ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করব।’