করোনায় আক্রান্ত ফরিদা পারভীন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, লালন সংগীতের নন্দিত এই শিল্পী ভালো আছেন।
রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালের কেবিনে রয়েছেন ফরিদা পারভীন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে দেশ রূপান্তরকে বলেন, “ফরিদা পারভীনের অবস্থা এখন ভালো আছে। তবে উনার বয়স বিবেচনায়, অধিকতর সতর্কতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অক্সিজেনসহ অন্যান্য জরুরি সাপোর্ট রেডি রাখা আছে। আশা করি উনি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।”
গত ৮ এপ্রিল ফরিদা পারভীনের করোনা শনাক্ত হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বাসায় চিকিৎসা নিলেও সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদা পারভীন লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।
সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালন সংগীতের তালিম নেন।
১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।
শিশুদের লালন সংগীত শিক্ষায় ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।