নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেছেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে গান্ধীমূর্তিতে পৌঁছান তিনি। এর পর হুইলচেয়ারেই সেখানে বসে পড়েন।
মমতার এই অবস্থান কর্মসূচিকে ‘ধরনা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তার ফেইসবুক পেজ থেকে লাইভ করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, গান্ধী মূর্তির পাদদেশে ধরনা।
নির্বাচনের ভেতর এই ধরনের কর্মসূচির জন্য সেনাবাহিনীর অনুমতি লাগে। ময়দানের ওই এলাকা এমনিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। সেখানে যেকোনো কর্মসূচি আয়োজন করতে গেলে সেনার অনুমতি বাধ্যতামূলক। মমতা অনুমতি চেয়েছিলেন, পাননি। তারপরও সেখানে অবস্থান নিয়েছেন।
ভোটপ্রচারে নির্বাচনী বিধি ভঙ্গ করায় সোমবার রাতে ২৪ ঘণ্টার জন্য মমতাকে নিষিদ্ধ ঘোষণা করে কমিশন।
মঙ্গলবার রাত ৮টায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বারাসাত ও বিধাননগরে জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী। রাত ১০টার মধ্যে তাকে শেষ করতে হবে পঞ্চম দফার ভোটপ্রচার। কারণ কমিশনের সংশোধিত বিধি অনুসারে মঙ্গলবারই শেষ হচ্ছে পঞ্চম দফার ভোটপ্রচার। তার পর তিনি যাবেন উত্তরবঙ্গে। বুধবার উত্তরবঙ্গে তার একাধিক কর্মসূচি রয়েছে।