সীমান্ত দেখানোর কথা বলে তিন বাংলাদেশি তরুণকে ভারতে পাচার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য হিন্দু। ভুক্তভোগী তিনজন এখন দেশে ফেরার জন্য দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি হাই কোর্ট থেকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং পুলিশকে ওই তিনজনের অভিভাবকের সন্ধান বের করার নির্দেশ দেয়া হয়েছে।
ভুক্তভোগীরা আদালতকে জানিয়েছে, ৪ মার্চ এক পরিচিত ব্যক্তির সঙ্গে তারা সীমান্ত দেখতে যায়। ওই ব্যক্তি তাদের কিছু খাবার দেয়। এরপর তারা অচেতন হয়ে পড়ে। ঘুম ভাঙার পর তারা নিজেদের দিল্লি রেলওয়ে স্টেশনে দেখতে পায়।
বিচারপতি পার্থিব এম সিং এই ঘটনায় বাংলাদেশ হাই কমিশন এবং বিএসএফের কাছে নোটিশ পাঠিয়েছেন।
হাইকোর্ট ৫ মে আবার শুনানিতে বসবে।
তিন তরুণ তাদের পিটিশনে দাবি করে, জ্ঞান ফেরার পর তারা পাশের কমলা মার্কেট থানায় যোগাযোগ করে। সেখানে খাবারের জন্য তাদের কিছু টাকা দেয়া হয়।
আবেদনে বলা হয়েছে, ওই দিন রাতে তাদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।
পিটিশনে দাবি করা হয়েছে, সমাজকর্মী সুনীল কুমারের সাহায্যে তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি। পরে তারা আদালতে আবেদন দাখিল করে।
দ্য হিন্দুর প্রতিবেদনে তিন তরুণের নাম কিংবা বাংলাদেশি ঠিকানা প্রকাশ করা হয়নি।