রাজধানীর টিকাটুলিতে স্থানীয় যুবলীগের একদল সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব জুয়েল। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘দি ফিন্যান্স টুডে’র প্রধান নির্বাহী কর্মকর্তা।
গত রবিবার রাত সাড়ে ৮ টার দিকে যুবলীগ নেতা ফুয়াদ ফয়সাল জনের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে জুয়েলের ওপর টিকাটুলির কামরুননেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ওয়ারি থানার ওসি আজিজুর রহমান মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে বলেন, জুয়েলের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছে। আবার তার প্রতিপক্ষও থানায় একটি অভিযোগ দিয়েছে। পাল্টাপাল্টি দুটি অভিযোগ পাওয়ায় মামলা রেকর্ড হয়নি। আমরা তদন্ত করে দেখছি কোনটি সঠিক। তদন্তের পর মামলার সিদ্ধান্ত হবে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিতে বাধা দেয়ায় ৩৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ ফয়সাল জনের সাথে একই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মো. আহসান হাবিব জুয়েলের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
এর জের ধরে যুবলীগ নেতা ফুয়াদ ফয়সাল জনের সন্ত্রাসীরা এদিন জুয়েলের ওপর হামলা চালায়। হামলায় জুয়েল ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নাজমুল হক রাসেল, সালাউদ্দিন রাসেল, আসাদুজ্জামান লিপনসহ আরও অনেকেই আহত হন।
এদিকে হামলার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত সবাইকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহসান হাবিব জুয়েলের অবস্থা গুরুতর।
জুয়েলের ওপর এই হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। তিনি এই হামলায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।