ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন ক্যাম্পাস থেকে গ্রেপ্তার

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের সমন্বয়ক এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, এদিন ক্যাম্পাসের যারা ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করেন, তাদের খাবার দেওয়ার একটা কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে গিয়েছিলেন আকতার। সেখান থেকে একটি সাদা গাড়িতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

নূর আরও বলেন, বেশ কিছুদিন ধরে আকতার অসুস্থ। তিনি চিকিৎসাধীন ছিলেন।

গত ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেপ্তার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ওই দিনই শাহবাগ থানায় মামলা করেছিল। ওই মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে আকতার হোসেনকে।