করোনাভাইরাসের বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে। অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’
এ সময় আওয়ামী লীগের পক্ষে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান দলটির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে। করোনাকবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পয়লা বৈশাখ।
ওবায়দুল কাদের বলেন, চিরচেনা পয়লা বৈশাখকে আজ চেনাই যায় না। এই দিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে। হারিয়ে গেছে হাসি আনন্দের চিরচেনা বাঁশির সুর।
তিনি বলেন, সার্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারী করোনার আতঙ্কের অন্ধকারে। তবুও নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে।
সেতুমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সময়ের সাহসী কান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হবো করোনার বিরুদ্ধে, বিজয়ী হবো বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।