রোহিতেই আত্মবিশ্বাসী রাহুল

প্রতি বছরই আইপিএলে নতুন তারকার দেখা মেলে। সেই ধারাবাহিকতায় চলতি আসরে নিজেকে মেলে ধরে চলেছেন রাহুল চাহার। মুম্বাই ইন্ডিয়ান্সের ২১ বছর বয়সী এই ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মঙ্গলবার দুরন্ত পারফরম্যান্স করেছেন। উঠে এসেছেন সবার আলোচনায়।

অথচ এই লেগস্পিনারের শুরুটা ছিল বেশ খারাপ। প্রথম তিন বলে ১০ রান দিয়েছিলেন । কিন্তু এই রাহুলই শেষ পর্যন্ত পাল্টে দিয়েছেন ম্যাচের চিত্র। ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন প্রতিপক্ষের টপ অর্ডারের ৪ উইকেট। তাতে ১৫২ রানের পুঁজি নিয়েও ১০ রানে জয় পায় মুম্বাই। ম্যাচের সেরাও রাহুল।

রাহুলের এই সাফল্যের রহস্য কী? রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কিয়েরন পোলার্ডদের বিপক্ষে নেটে নিয়মিত বল করেন। যা তাকে ধারালো করে তুলেছে।

রাহুল বলছিলেন, ‘আমি নেটে নিয়মিত ভারতীয় টিমের ব্যাটসম্যান, বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করি। এই সুযোগটা কেউ পেলে তার আর চাপ থাকে না। যে কারণে ম্যাচে বল করার সময় অনেক খোলা মনে বল করতে পারি।

এই নিয়ে চতুর্থ বছর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন রাহুল। প্রতি বছরই পরিণত হয়ে উঠছেন। কলকাতার বিপক্ষে লাইন আর লেন্থটাই বজায় রাখার চেষ্টা করে গিয়েছিলেন।

রাহুল নিজের সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মাকে, ‘আমার নিজের প্রতি নিজের যতটা আত্মবিশ্বাস আছে, তার থেকে অনেক বেশি আছে রোহিত ভাইয়ের। সেই আমার নিজের প্রতি আস্থাটা বাড়িয়ে দিয়েছে। রোহিত ভাই ম্যাচের সময় বলছিল, তুমি ভালো বল করছ। অনেক সময় আমি নিজেই বুঝতে পারি না, কতটা ভালো বল করছি। আমি কলকাতা ম্যাচে চেষ্টা করছিলাম, ধারাবাহিক বলটা টার্ন করিয়ে যেতে।’

যে চারটে উইকেট পেয়েছেন, তার মধ্যে রাহুল ত্রিপাঠীর উইকেটটাই বেশি তৃপ্তি দিয়েছে। রাহুলের কথায়, ‘রাহুল ত্রিপাঠীর উইকেটটাই সবচেয়ে তৃপ্তি দিয়েছে। লেগস্পিনাররা যে ভাবে একজন ব্যাটসম্যানকে আউট করে, ঠিক সেভাবেই ওকে আউট করেছি।’