মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইলিয়াছ ঢালী (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
এর আগে বুধবার রাত নয়টার দিকে কাদিরপুরের ডিগ্রিরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ ঢালী ডিগ্রিরচর গ্রামের ইউনুস ঢালীর ছেলে।
স্থানীয় ও শিবচর থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারীর সমর্থক আব্বাস মুন্সীর সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া তালুকদারের সমর্থক মজিবুর রহমানের নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে কথা-কাটাকাটি হয়।
এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারীসহ ৬ জন আহত হয়।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে আহতদের দুই চেয়ারম্যান প্রার্থী হাসপাতালে দেখতে গেলে উভয় পক্ষের সঙ্গে ফের সংঘর্ষ হয়। তখন ভয়ে হাসপাতাল থেকে আহতদের কয়েকজন পালিয়ে যায়।
পরে আহত ইলিয়াছ ঢালী উপজেলার শেখপুরের শুম্বুক এলাকায় শ্বশুরবাড়ি চলে আসেন। ভোর ৫টার দিকে সেখানে তিনি মারা যান।
এদিকে আহতদের মধ্যে রুবেল নামের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত ইলিয়াছ ঢালীর স্ত্রী ফাতেমা বলেন, 'আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে।'
নিহতের মা পানু বিবি বলেন, 'আমার ছেলেকে ওরা দশ বারজন মিলে বুকে আঘাত করছে। গোরস্থানের সাথে ঠেকিয়ে আঘাত করে মেরে ফেলছে। আমি ওদের বিচার চাই।'
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।