এবারও ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ মনোনীত হয়েছেন বেন স্টোকস। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে টানা দু’বার এমন সম্মান পেলেন এই অলরাউন্ডার। উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৮তম সংস্করণ প্রকাশিত হয়েছে গতকাল। স্টোকস পুরুষ বিভাগে সেরা আর অস্ট্রেলিয়ার বেথ মুনি ‘লিডিং উইমেন ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ মনোনীত হন। এছাড়া উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন উইন্ডিজের জেসন হোল্ডার, পাকিস্তানের কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের দুই ওপেনার ডমিনিক সিবলি ও জ্যাক ক্রলি এবং ৪৩ বছর বয়সী ড্যারেন স্টিভেন্স।
বেন স্টোকস গত বছর দারুণ ফর্মে কাটিয়েছেন। ৭ টেস্টে ৫৮.২৭ গড়ে সর্বোচ্চ করেন ৬৪১ রান। বল হাতে ১৮.৭৩ গড়ে নেন ১৯ উইকেট। উইজেডেনের ‘লিডিং ক্রিকেটার’ খেতাব বেন স্টোকসের আগেও একাধিক ক্রিকেটার জিতেছেন। বিরাট কোহলি জিতেছেন তিনবার। বিরেন্দ্র শেবাগ এবং কুমার সাঙ্গাকারা জিতেছেন দুইবার করে। ১৮৮৯ সাল থেকে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়ে আসছে। ২০০৪ সাল থেকে পুরস্কারটির আনুষ্ঠানিক নামকরণ হয় ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’। সেবার অস্ট্রেলিয়ার রিকি পন্টিং পুরস্কার জিতেছিলেন। জ্যাক ক্রলি ও ডমিনিক সিবলি গত বছর ভালো পারফর্ম করায় বর্ষসেরা নির্বাচিত হয়েছেন। সিবলি ৯ টেস্ট খেলে ৪৭.৩০ গড়ে করেন ৬১৫ রান। ৭ টেস্টে ক্রলি ৫২.৭২ গড়ে করেন ৫৮০ রান। ইংল্যান্ড সফরে পাকিস্তানের হয়ে পারফর্মের পুরস্কার পেয়েছেন রিজওয়ান। আর সাউদাম্পটনে ইংল্যান্ডকে হারানো টেস্টে উইন্ডিজের হয়ে ৬ উইকেট নিয়েছিলেন হোল্ডার। এর জন্য তিনি সেরা পাঁচের একজন।
স্টোকসের আইপিএল শেষ
ইনজুরিতে জেরবার রাজস্থান রয়্যালস। এর আগে হাতের ইনজুরিতে জোফরা আর্চারের আইপিএল শেষ হয়েছে। এবার কাঁধের ইনজুরি শেষ করে দিল বেন স্টোকসের আইপিএল। আঙুলের ইনজুরির কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন এই অলরাউন্ডার। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন স্টোকস। যদিও পরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু ব্যথা থাকায় ম্যাচের পর এক্স-রে করে জানা যায় আঙুল ভেঙেছে। আইপিএলের আর কোনো ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে তিনি দলের সঙ্গেই থেকে যাচ্ছেন। এক বিবৃতিতে রাজস্থান বলেছে, ‘মাঠ ও মাঠের বাইরে স্টোকস দলের সম্পদ এবং রয়্যালস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা খুশি যে, স্টোকস দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাঠের বাইরে দলকে সাহায্য করার জন্য এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য।’ স্টোকসের পরিবর্ত খোঁজার কাজও ইতিমধ্যে শুরু করেছে রাজস্থান রয়্যালস।