ওয়েবিনারে বক্তারা

কওমি মাদ্রাসায় নজরদারি না থাকায় নির্যাতন বাড়ছে

কওমি মাদ্রাসায় নজরদারি না থাকায় ছাত্রছাত্রীদের ওপর যৌন নির্যাতনসহ শারীরিক ও মানসিক নির্যাতন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেধড়ক পেটানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বারবার উঠে এলেও কার্যত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন বিশ্লেষকরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন ও যৌন হয়রানি বন্ধে করণীয় শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীনে না থাকার কারণে কওমি  মাদ্রাসায় ঠিক কী হচ্ছে এবং কীভাবে এখানে নিপীড়ন বন্ধে পদক্ষেপ নেওয়া সম্ভব, তা স্পষ্ট নয়। কওমি মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া ধর্ষণ, যৌন নিপীড়নসহ অন্যান্য নির্যাতনের কথা এত দিন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও এখন তা ক্রমশ সবার সামনে চলে আসছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এছাড়া বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ আউয়াল হাওলাদার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা, আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আব্দুস শুক্কুর প্রমুখ।