ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেছেন, ‘আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেইসবুক লাইভে এসে হেফাজত নেতাদের আটকের প্রতিবাদ জানাতে গিয়ে নুর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’
গতকাল ১ ঘণ্টা ১০ মিনিটের ওই বক্তব্যে নুর আওয়ামী লীগ সরকারকে ‘জালিম’ আখ্যা দিয়ে বলেন, ‘এই জালিমের বিরুদ্ধে কথা বলা, জনগণকে সংগঠিত করা এখন ফরজ হয়ে গেছে।’
আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা ঘুষ নেয়, চাঁদাবাজি করে, টেন্ডার ব্যবসা করে। আবার নিজেদের মুসলমান দাবি করে।’ ছাত্রলীগ-যুবলীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা নিজেদের মুসলমান দাবি করেন, অন্তত আওয়ামী লীগ কইরেন না।’
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের ‘চাল’ রয়েছে বলেও দাবি করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ‘রিসোর্ট কাণ্ড’ ঘটিয়েছে।
এদিকে নুরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংবাদমাধ্যমে নুরকে ‘মানসিক বিকারগ্রস্ত’ উল্লেখ করে বলেন, দেশের ধর্মীয় অনুভূতি ও রাজনীতি সম্পর্কে নুরের ‘বিন্দুমাত্র জ্ঞান নেই’।