পাঞ্জাব কিংসের বিপক্ষে এবারের আইপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তাতে অন্তত ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্টোকসকে। তার বাঁ হাতের তর্জনীতে করতে হবে অস্ত্রোপচার। ফলে পুরো আইপিএল তো মিস করবেনই, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও পাওয়া যাবে না তাকে। গত সোমবার ম্যাচে পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন স্টোকস। পরে ওপেন করতে নেমে বিদায় নেন ৩ বল খেলে। ম্যাচ শেষে এক্স-রে এবং সিটি স্ক্যান থেকে জানা যায় তার আঙুল ভেঙেছে। আজ নিজ দেশে ফিরে যাওয়ার কথা স্টোকসের। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট ২ জুন থেকে শুরু হবে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে হান্ড্রেড ক্রিকেটের আগে ফিরতে পারেন স্টোকস। ইন্টারনেট।