নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ছোটবানীয়াদি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মাহবুব আলম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
মাহবুব আলমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার পরিবারের সঙ্গে একই এলাকার সামসু, সুমন, শামীম, শাহনাজের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত দুই-তিনজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাহবুব আলমের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করতে থাকে। এ সময় মাহবুবের মা মারিয়া বেগম ও ছোট ভাই মোমেন বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের এলোপাতাড়িভাবে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) এইচ এম জসিম উদ্দীন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।