করোনাকালে ঘরেই পালিত হচ্ছে রাখাইনদের সাংগ্রাই উৎসব

করোনা পরিস্থিতিতে এবার বাইরে উৎসব আয়োজন না হলেও ঘরের মধ্যেই সীমিত আকারে পালিত হচ্ছে রাখাইনদের সাংগ্রাই উৎসব।

কক্সবাজারে শনিবার থেকে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণের তিন দিনের উৎসব ‘সাংগ্রাই’।

রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মং ছেন হ্লা বলেন, ‘ঘরের বাইরে মণ্ডপে মণ্ডপে সাংগ্রাই পালন করছি না। কারণ, উৎসবের জনসমাগম থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তবু স্বাস্থ্যবিধি মেনে ছোটদের অনেকে ঘরে ঘরে জলকেলিতে মজেছে। বড়রা সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।’

বর্ষবরণ উৎসব উপলক্ষে সকাল থেকে শহরের টেকপাড়া, বড়বাজার, চাউলবাজার, বৌদ্ধমন্দির সড়ক, ক্যাং পাড়াসহ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল, চৌফলদন্ডি, টেকনাফ, রামু, চকরিয়া, হারবাং এলাকার ঘরে ঘরে (পরিবারের সদস্যদের নিয়ে) চলছে শিশু-কিশোর এবং তরুণ-তরুণীদের জলকেলি উৎসব।

শহরের চাউল বাজার রাখাইন পল্লিতে গিয়ে দেখা গেছে, একাধিক ঘরের আঙিনায় চলছে শিশু-কিশোরদের জলকেলি। তারা একে অপরের প্রতি জল ছুড়ে শরীর ভিজিয়ে আনন্দে মেতেছে।

সকাল থেকে শহরের বৌদ্ধমন্দির সড়কের ৪০০ বছরের পুরোনো অগ্গ্যামেধা বৌদ্ধবিহারে নারী-পুরুষের সমাগম ছিল। তাঁরা বিহারে গিয়ে খোলা মাঠে সমবেত প্রার্থনায় মিলিত হন।