রাঙ্গামাটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। করোনা রোগীদের চিকিৎসায় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ গত বছর শুরু হওয়ার কথা থাকলেও সেটি বন্ধ ছিল। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজে হাত দিল কর্তৃপক্ষ।

গতকাল শনিবার সরেজমিন দেখা যায়, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের বাইরে চলছে প্ল্যান্টের ভবন নির্মাণের কাজ এবং হাসপাতালের ভেতরে চলছে পাইপলাইন বসানোর কাজ। করোনা রোগীদের শ্বাসকষ্ট নিবারণের জন্য সার্বক্ষণিক অক্সিজেনের প্রয়োজন থাকলেও এতদিন সেই সুবিধা থেকে বঞ্চিত ছিল রাঙ্গামাটিবাসী।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, অনিবার্য কারণবশত অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের কাজ দুই মাসের জন্য বন্ধ থাকলেও কাজটি পুনরায় শুরু হয়েছে। আগামী দুই মাসের মধ্যে প্ল্যান্টের কাজ শেষ করে আমাদের বুঝিয়ে দেবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আশা করছি রাঙ্গামাটিবাসী খুব দ্রুত অক্সিজেন প্ল্যান্টের সুবিধা ভোগ করতে পারবে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন কুতুকছড়ি এলাকার বাসিন্দা প্রমিত খীসা বলেন, চিকিৎসা সেবায় পার্বত্যবাসী অন্যান্য জেলার তুলনায় সবসময় পিছিয়ে ছিল। এখন এই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন হলে আমাদের দুর্দশা অনেকটাই লাঘব হবে। তিনি অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ দ্রুত শেষ করার দাবি জানান।