ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে, স্কুলশিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে কলেজছাত্রীকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ উঠেছে শামীম আহমেদ নামে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবার অপহরণ মামলায় গত শুক্রবার খুলনার ডুমুরিয়া থেকে ছাত্রীকে উদ্ধার এবং শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

শামীম আহমেদ শ্যামনগর উপজেলার নুরনগরের আলী আহসান গাজীর ছেলে এবং নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, গত ৩ এপ্রিল শামীম আহমেদ শ্যামনগরের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। এরপর ৭ এপ্রিল ফেইসবুকে খুলনার এক নোটারি পাবলিক কার্যালয়ে বিয়ে সংক্রান্ত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করছেন দুজনÑএমন ছবি ছড়িয়ে পড়ে।

ওই রাতেই মেয়েটির বাবা শামীম আহমেদের বিরুদ্ধে শ্যামনগর থানায় অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগে মামলা করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার খুলনার ডুমুরিয়া থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। এটি শামীমের চতুর্থ বিয়ে। এ ঘটনায় স্কুল কর্র্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করেছে বলে জানান তিনি।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোহাইমেনুর রশিদ জানান, শামীমকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।