বাগেরহাট শহরে একটি বেকারির জ্বালানির ঘরে দগ্ধ হয়ে আজিম শেখ নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
মৃত আজিমের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মালিক পক্ষের বরাতে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, শনিবার রাত দশটা পাঁচ মিনিটের দিকে বাগেরহাট শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারির জ্বালানি রাখার দোতলার টিনশেড ঘরে আগুন লাগে।
মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ স্থানীয় লোকজন এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভানোর পর বেকারির ভেতর থেকে আজিম নামের এক কর্মচারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। শনিবার রাতে খাবার খেয়ে আজিম কারখানার জ্বালানি রাখার ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তিনি আর ওই ঘর থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা (এসও) মো. শাহজাহান সিরাজ সকালে এই প্রতিবেদককে বলেন, কারখানার দোতলার টিনশেডের ওই ঘরে বিপুল পরিমাণ তুষকাঠ ও কাঠের গুঁড়ি রাখা ছিল। সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ওই জ্বালানি রাখার ঘরে একটি বৈদ্যুতিক মটর রয়েছে। ওই মটরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।