বিধানসভা ভোটের ভেতর নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা, অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এই তিন বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
মমতা চিঠিতে বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি চিঠি লিখে টিকা কিনতে চেয়েছিল রাজ্য সরকার, তবে কেন্দ্র থেকে কোনো সাড়া মেলেনি।
একাধিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য চিঠি লিখে টিকা কিনতে চাইলেও কেন্দ্রীয় সরকারের অনুমতি মেলেনি। মোদিকে লেখা চিঠিতেও এই বিষয়টির উল্লেখ করলেন মমতা।
অভিযোগ করেছেন, রাজ্য টিকা কিনে সাধারণ মানুষকে বিনামূল্যে দিতে চেয়েও পারেনি। কারণ কেন্দ্র টিকা সরবরাহ করেনি। চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচনের জন্য বাইরের অনেক মানুষ রাজ্যে আসছেন। কয়েকটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন তারা। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেও এই ঘটনা ঘটছে। সেই কারণেই তিনটি বিশেষ পথ আমরা ঠিক করেছি, যেগুলোর মধ্যে দিয়ে গেলে সংক্রমণ কিছুটা আটকে দেওয়া যাবে।
প্রথমে উল্লেখ হয়েছে টিকাদানের প্রসঙ্গ। প্রধানমন্ত্রীকে অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন মমতা।
লিখেছেন, ‘কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় জনঘনত্ব অত্যধিক বেশি। এখানে রোগ আটকাতে গেলে বিপুল টিকাকরণ প্রয়োজন। কিন্তু রাজ্য সরকার যথেষ্ট টিকা পাচ্ছে না। এখনও পর্যন্ত ২.৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, দরকার ৫.৪ কোটি। আপনাকে (প্রধানমন্ত্রীকে) আবেদন, পশ্চিমবঙ্গ যাতে টিকা পায়, তার ব্যবস্থা করুন।’
দ্বিতীয় ও তৃতীয় বিষয়ের মধ্যে রয়েছে অক্সিজেন ও ওষুধ সরবরাহের প্রসঙ্গ। করোনার চিকিৎসায় প্রয়োজনীয় রেমডিসিভির এবং টসিলিজুম্যাব ওষুধটি পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে। এই দু’টি ওষুধ যে পরিমাণ প্রয়োজন, তা আসছে না।