রাষ্ট্রীয় মর্যাদায় এস এম মহসিনের দাফন সম্পন্ন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মুক্তিযোদ্ধা এসএম মহসিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই মুক্তিযোদ্ধা ও নাট্যজনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ১৮ এপ্রিল দুপুর পৌনে তিনটায় জানাজা ও তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বেলা চারটার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে এ গুণীজনকে সমাহিত করা হয়েছে।

এসএম মহসিনের ঘণিষ্ঠজনরা জানান, দুপুর পৌনে তিনটায় পরীবাগ মসজিদে উনার জানাজা হয়। গার্ড অব অনারও সেসময় দেওয়া হয়েছে। এরপরই মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্ধারিত স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৭৩ বছর বয়সী এই শিল্পী-শিক্ষকের ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল।

মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এসএম মহসিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা। ‘পদক্ষেপ’র মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

এসএম মহসিন ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।