১. মুক্তিযুদ্ধের ৫০ বছর। মানে সুবর্ণজয়ন্তীর বছর। নিন্দুকেরা বলেন, দেশ স্বাধীনের ৯০ পর্যন্ত আমাদের জাতীয় নেতারা মুজিবনগরে একবারও যাওয়ার সময় পাননি। কুড়িগ্রামের রৌমারীও তেমনি এক ভূখণ্ডের নাম। আমাদের অকৃতজ্ঞতার নজির।
ফেইসবুকে মুক্তিযোদ্ধাদের জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে। নৌকায় বসে বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার দৃশ্যও সেখানে আছে। মুক্তিযোদ্ধারা টহল দিচ্ছেন। হাটে ধান-পাট-পান বিক্রি হচ্ছে। যে মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন, ট্রেনিং দিচ্ছেন; সেই মাঠ, সেই হাট, সেই সিজি জামান হাইস্কুল, সেই চাঁদমারী এখনো হুবহু আছে। শুধু বীর মুক্তিযোদ্ধারা নেই। নেই ভাস্কর্য, নেই স্মৃতি সংরক্ষণ। কথিত উন্নয়ন নেই বলে রৌমারী রৌমারীতেই আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা পড়ে বিধ্বস্ত হিরোশিমা-নাগাসাকি অবিকল রেখে দেওয়া হয়েছে রাষ্ট্রের তরফে। সে এক সচেতন চেষ্টা। আর আমাদের মুক্তিযুদ্ধের দলিল বিজয় চিহ্ন যে রৌমারী তা বেহাত হচ্ছে উল্টো রাষ্ট্রের তরফে।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দরকার ছিল রৌমারীর। দুনিয়াকে দেখানোর দরকার ছিল মুক্তাঞ্চলের। নিজস্ব প্রশাসনিক এলাকার। দুনিয়া দেখো, আমরা নিজ ভূমিতে ট্রেনিং নিচ্ছি ৬৫ হাজার মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের প্রশাসন আছে, আছে ব্যাংক-হাসপাতাল-পোস্ট অফিস-থানা। তাজউদ্দীন থেকে কর্নেল তাহের, ওসমানী থেকে কাদের সিদ্দিকী সবাই এখানে এসে অফিস করেন। স্বাধীন বাংলাদেশের বাস্তব রাজধানী রৌমারী। মুক্তিযুদ্ধ শেষ, আর কেউ ফিরেও তাকালেন না! স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের একটি অংশ কি রৌমারী দাবি করে না?
২. রৌমারীর জনগণ অতিথিপরায়ণ হিসেবে বিখ্যাত। তারা পুরো ৯ মাস এতজনকে খাওয়ালেন, পরালেন, আশ্রয় দিলেন আর যুদ্ধ শেষে তাদের ভুলে গেলাম! স্রেফ ভুলে গেলাম। বড়লোক আত্মীয়রা যেভাবে গরিব আত্মীয়কে অকৃতজ্ঞের মতো ভুলে যায়। সেক্টর কমান্ডারদের নেতৃত্বে একবার মুক্তিযোদ্ধাদের মিলিত করা যেত। এই বছর অন্তত সেটি করা যায়। রৌমারীবাসী দীর্ঘদিন থেকে মুক্তাঞ্চল হিসেবে রৌমারীর নাম গেজেটে অন্তর্ভুক্ত দেখতে চায়। এই স্বীকৃতিটুকু কি খুব বড় দাবি? একটি মুক্তিযুদ্ধ জাদুঘর, সেটাও কি বেশি হবে? মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের আর কোন জায়গাটি রৌমারীর চেয়ে বেশি উপযুক্ত?
বারবার খানা জরিপে কুড়িগ্রাম দারিদ্র্যের শীর্ষে থাকে। ব্রিটিশ আমলে দেওয়ানগঞ্জ পর্যন্ত আসা রেললাইন রৌমারী পর্যন্ত আর এগুলোই না। গ্যাসলাইন জামালপুর পর্যন্ত এসেই থেমে গেল। অথচ রৌমারীর তাঁতশিল্প শেষ হয়ে গেল সুতার অভাবে। যেনতেনভাবে কাপড় বুনলেও বাজার পেলেন না তারা। শুধু যোগাযোগের অভাবে স্থানীয় অ্যান্ডি (রেশম) শিল্প মারা পড়ল। বাঁশ-বেতও গেল। রৌমারীবাসী কারিগর থেকে শ্রমিকে পরিণত হলেন। গৃহভিত্তিক শিল্প শেষ। জেলেরা যে ব্রহ্মপুত্রের মাছে পুরো অঞ্চলের আমিষের চাহিদা মেটাতেন, বালুদস্যুরা সেই নদীকেও শেষ করেছেন। জিঞ্জিরাম, হলহলিয়া, ব্রহ্মপুত্র যেভাবে এখানে প্রাকৃতিক সেচব্যবস্থা নির্মাণ করেছিল, তাও শেষ করেছে উন্নয়নবাদীরা। আধুনিক সেচব্যবস্থার জনক স্যার উইলিয়াম উইলকক্স বাংলার নদীগুলো দেখে বলেছিলেন, চলমান নদী আর গতিশীল স্রোতধারার সেচ মাছের ডিমকে মাঠময় ছড়িয়ে দেয়। সেখানে তারা আশ্রয় পায় এবং ধানক্ষেত বন্যা ও বৃষ্টির পানিতে জীবন্ত থাকে।
কিন্তু ভূমিদস্যু ও বালুদস্যু প্রভাবশালী উন্নয়নবাদীরা রৌমারীর নদ-নদীকে শেষ করে দিয়েছে। এমনকি মুক্তিযোদ্ধারা যেখানে চাঁদমারী করতেন, সেই সিজি জামান হাইস্কুলের সামনে দিয়েই যে নদীটি প্রবাহিত হতো, সেটির মধ্য দিয়ে এখন উন্নয়নের সড়ক। ইতিহাস থেকে নদীটি এখন নাই হয়ে গেছে। আমাদের যা কিছু প্রয়োজন তা প্রাচীন যুগের মানুষরা করে রেখে গেছেন, এখন কেবল তাদের মতো দায়িত্বশীল ভূমিকা আমাদেরই গ্রহণ করতে হবে এবং আবার পানি ব্যবস্থাপনাকে কার্যকর করে তুলতে হবে। আমরা দারুণ এক ঐতিহ্যের উত্তরাধিকারী হয়েছি। (বাংলার নিজস্ব সেচব্যবস্থা, স্যার উইলিয়াম উইলকক্স, অনু : ফারুক ওয়াসিফ ডাকঘর)
রৌমারীর জনগণ ঐতিহ্যিকভাবে পরস্পরের প্রতি ভালোবাসার যে প্রবণতা অর্জন করেছেন, তা আসমান থেকে পড়েনি। এটা এসেছে উইলকক্সের ভাষায় নদ-নদীগুলোর ঘোলা পানি বণ্টনের ব্যবস্থা থেকে। নদ-নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা থেকে। সেই নদ-নদী, সেই রৌমারীকে রেলব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রেখে কোন কৃতজ্ঞতার নজির জাতিগতভাবে স্থাপন করছি!
সারা বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় ইপিজেড হচ্ছে। কুড়িগ্রামে সেই তৎপরতা নেই। বলা হয় গ্যাস সংযোগ না থাকার কথা। বলা হয়, বগুড়া থেকে রংপুর, তারপর রংপুর থেকে কুড়িগ্রাম। দিল্লিকা বহুদূর হ্যায়। কিন্তু জামালপুরের পাশেই রৌমারী। রৌমারীতে গ্যাস সংযোগ দিয়ে শিল্পাঞ্চল করা গেলে সেখানে কুড়িগ্রামবাসী তো কাজ করতে পারবে। রৌমারীতে শিল্পাঞ্চল করা হয় না কেন? রৌমারীতে তো স্থলবন্দরও আছে, যা দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিও করা যাবে।
মুক্তিযুদ্ধের সময় যারা অন্ন নিলেন, আশ্রয় নিলেন তারাই তো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। যে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের নৌকা পারাপার করালেন, তারা এখন বালুদস্যুদের দাপটে মাছের দেখা পায় না। মাছ না পেয়ে ভারতে মাছ মারতে গিয়ে জেল খাটেন, সেই জেলেদের প্রতি, চিলমারী-রৌমারীবাসীর প্রতি আপনাদের কৃতজ্ঞতাবোধ নেই? তাদের ক্ষুধায়-চিকিৎসাহীনতায় রেখে কোন উৎসব আপনারা করবেন?
লেখক : রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি