করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন সাংবাদিক, সংগঠক এবং উপস্থাপক শফিউজ্জামান খান লোদী। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
শফিউজ্জামান খান লোদীর বড় মেয়ে সুমাইয়া জানান, করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় শফিউজ্জামান খান লোদীকে। অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত চার দিন সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরে তাকে সমাহিত করা হয়। এর আগে ৪ নম্বর সেক্টর জামে মসজিদে জানাজা হয়।
লোদী পরিচিত ছিলেন সাংবাদিক, বাচসাসের সদস্য, উপস্থাপক, চলচ্চিত্র সংসদ কর্মী, বিশ্বসাহিত্য কেন্দ্র’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সংগঠক হিসেবে। লোদীর উপস্থাপনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র প্রচার শুরু হয় ২০০০ সালে। প্রায় ১৮ বছর ধরে তিনি অনুষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন।