গাজীপুরে স্বাস্থ্য কর্মকর্তার বাসভবনে গৃহকর্মীর লাশ

গাজীপুরে জেলা স্বাস্থ্য কর্মকর্তার বাসভবন থেকে চন্দনা বর্মন (১৩) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পেছনে গাজীপুর জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। চন্দনা কালিয়াকৈর উপজেলার কালামপুর বর্মনপাড়া গ্রামের প্রয়াত নন্দন বর্মনের মেয়ে। গত চার বছর ধরে রঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল সে।

গৃহকর্তা সত্য রঞ্জন জানান, গত আড়াই মাস আগে চন্দনার মা মারা যায়। মাকে হারিয়ে সব সময় কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকত সে। 

কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, শনিবার দুপুরে বাড়ির নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে চলে আসে চন্দনা। কিছুক্ষণ পর ওয়েটিং রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে বাড়ির লোকজন। পরে চন্দনার মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেয় তারা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।