করোনাকে হারিয়ে বাসায় ফিরলেন আকরাম খান

দ্বিতীয় দফার পরীক্ষা নেগেটিভ আসার পর বাসায় ফিরেছেন আকরাম খান।

গত ১৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সেখানে চার দিন ডাক্তারদের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

রবিবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। গত রাতেই হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে ফিরেছেন এই সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক।

সোমবার আকরাম খান বলেন, ‘এখন বেশ ভালো অনুভব করছি। তেমন কোনো সমস্যা দেখছি না। কাশিও অনেক কম। আমি রবিবার রাতে হাসপাতাল থেকে বাড়িতে এসেছি।’

উপসর্গ থাকায় গত ৯ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন আকরাম। সেদিন রাতেই ফল হাতে পান। যেখানে পজিটিভ আসায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

এরপর হঠাৎ করে কাশির মাত্রা বেড়ে যায় তার। কিছু পরীক্ষা–নিরীক্ষা করালে জানা যায়, ফুসফুসে ৩৫ ভাগ সংক্রমণ রয়েছে।

তবে অক্সিজেন স্যাচুরেশন লেভেল স্বাভাবিক ছিল। তবু বাড়তি সতর্কতার জন্য চিকিৎসকদের পরামর্শে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।