মামুনুলকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলের চেষ্টা, পুলিশের ওপর হামলা

হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে বিক্ষোভ মিছিলের চেষ্টা চালিয়েছে মাদ্রাসার ছাত্ররা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে থানার ওসিসহ অন্তত তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর হামিদিয়া দাখিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাফিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পরবর্তী সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলার ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাফিন মাহমুদ (অপরাধ ও প্রশাসন) বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে বলেন, সোমবার সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ করে স্থানীয় মাদ্রাসার ২০-২৫ জন শিক্ষার্থী উদয়পুর হামিদিয়া মাদ্রাসার সামনে জড়ো হয়ে পুলিশের হাতে আটক হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে- এই সংবাদ পেয়ে মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবিরের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায়।

তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি ইটপাটকেল ছোড়া শুরু করে। এ সময় পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে তারা দৌড়ে পালিয়ে যায়।

তাদের ছোড়া ইটের আঘাতে ওসি কাজী গোলাম কবিরসহ তিনজন পুলিশ সদস্য কমবেশি আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, কাদের উস্কানিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং তারা কোন মাদ্রাসার শিক্ষার্থী তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পরবর্তী সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।