হেফাজতের হরতাল চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনই নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।
রবিবার দিবাগত রাত ১টায় ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করে। একই সময় বিএনপি নেতা মো. ইসলাম ও জামায়াত ইসলামীর সদস্য মো. জনিকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রাতে তাদের গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সারা দেশে হেফাজত ইসলামের ঢাকা হরতালে নামে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর চালিয়ে সড়ক অবরোধ করে সহিংসতা চালানো হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে ৮ টি মামলা দায়ের করা হয়। মামলায় পুলিশ এ পর্যন্ত শতাধিক লোককে গ্রেপ্তার করেছে।