ফেনী সদরে ‘লকডাউন’ অমান্য করে রাস্তায় বের হওয়া রিকশাযাত্রী এক যুবকের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ সংক্রান্ত তিন মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের ভাষ্য, পুলিশের সঙ্গে মারামারিতে লিপ্ত হওয়া ওই যুবকের নাম শহিদ। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বাসিন্দা ও যুবলীগের সদস্য। তবে তার মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ফেনী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে রিকশায় বসে থাকা এক যাত্রীর সঙ্গে কথা বলছেন ফেনী মডেল থানার এসআই যশোমন্ত মজুমদারসহ পুলিশ সদস্যরা। তারা ওই রিকশাটির গতিরোধ করে লকডাউনে মাস্ক পরা ও বিনা প্রয়োজনে ঘরের বাইরে চলাচল করতে বাধা প্রদান করেন। এ সময় ওই যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তাকে রিকশা থেকে নামতে বলেন পুলিশ সদস্যরা। কিন্তু কেন তার গতিরোধ করা হলো জানতে চেয়ে ওই যুবক চিৎকার করে বলতে থাকেন, ‘অন্য রিকশা ছেড়ে দিছস। আমার রিকশা কেন ধরা হইছে।’ একপর্যায়ে তাকে রিকশা থেকে জোরপূর্বক নামানোর পর ওই যুবক গালমন্দ করতে থাকেন। এ সময় যুবকের হাতে হাতকড়া লাগানোর চেষ্টা করলে চার পুলিশ সদস্যের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই যুবক আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ সদস্যরা তাকে মারধর করেন। ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, আটক হওয়া ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। তাকে হাজতখানায় রাখার পর চিৎকার করে সবাইকে অস্থির করে তোলেন। একপর্যায়ে তার স্বজনদের ডেকে আনলে তারা মানসিক সমস্যার কথা জানান। পরে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।