সারা দেশের বিচারিক আদালতে ভার্চুয়াল শুনানি শেষে আরও ১ হাজার ৬৩৫ জন হাজতি জামিন পেয়েছেন। এ নিয়ে গত পাঁচ কার্যদিবসে ১০ হাজার ৬৮১ জন হাজতি ভার্চুয়াল শুনানি শেষে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হলেন। গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারা দেশে বিচারিক আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল আদালতগুলোতে ২ হাজার ৪৩৩টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৫ হাজার ১১০টি দরখাস্ত নিষ্পত্তি করে ৩ হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল ৩ হাজার ৯৮৬টি দরখাস্ত নিষ্পত্তি করে ২ হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ৩ হাজার ৩১৩টি দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৮৪২ জন এবং গতকাল ৩ হাজার ১৩৮টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬৩৫ জনসহ মোট ১০ হাজার ৬৮১ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।