৬ দিনের সফরে তুরস্ক গেলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত স্ত্রী ও ৪ জন সফরসঙ্গীসহ রবিবার রাতে ছয় দিনের এক সরকারি সফরে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার্কিশ এয়ার ফোর্স কমান্ডারের আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান এই সফরে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাণ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, সফরকালে বিমান বাহিনী প্রধান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করবেন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও, তিনি এয়ার কমব্যাট ফোর্স কমান্ডার এবং কমান্ডার অব এয়ারফোর্স অ্যাকাডেমিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করবেন।