মা-বাবার পাশে শায়িত তারেক শামসুর রেহমান

অধ্যাপক ও বিশিষ্ট কলামনিস্ট ড. তারেক শামসুর রেহমানকে পিরোজপুর পৌর কবরস্থানে তার মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পিরোজপুর শহরের পুরনো ঈদগাহ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

ড. তারেক শামসুর রেহমানের ভাই শহিদুর রহমান মিঠু জানান, ভাইয়ের স্ত্রী ও সন্তানের ইচ্ছায় প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল ঢাকায় দাফন করা হবে, কিন্তু আমার ভাইয়ের ইচ্ছা ছিল মা-বাবার পাশে তাকে যেন দাফন করা হয়। পরে সেই ইচ্ছানুযায়ী আমার ভাইয়ের মরদেহ ঢাকা থেকে পিরোজপুরের বাড়িতে এনে শহরের পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হয়। 

পিরোজপুর শহরের উকিলপাড়ায় ১৯৫২ সালে জন্মগ্রহণ করা ড. তারেক শামসুর রেহমান প্রয়াত অ্যাডভোকেট আতাউর রহমান খানের জ্যেষ্ঠ ছেলে। তিনি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এসএসসি এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৭০ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।