চমেক হাসপাতালে চিকিৎসকদের জন্য করোনা টেস্টিং বুথ

সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসকদের জন্য করোনা টেস্টিং বুথ স্থাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষক সমিতি।

মঙ্গলবার সকালে চমেক হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিশেষ এই বুথটি উদ্বোধন করা হয়। এ সময় চমেকের প্রিন্সিপাল অধ্যাপক ডা. সাহেনা আকতার, চমেক শিক্ষক সমিতির সভাপতি ডা. মো. মনোয়ারুল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামিস্ট ও ইসলামি গবেষক আহমদুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সায়মন সেখানে উপস্থিত ছিলেন।

সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সহযোগিতায় মেডিকেল কলেজের শাহ্ আলম বীর উত্তম মিলনায়তনে স্থাপিত বুথটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে চমেক শিক্ষক সমিতি।

চিকিৎসকদের জন্য আলাদা বুথ স্থাপনে সহযোগিতা করায় চমেক শিক্ষক সমিতির পক্ষ থেকে সালমা আদিল ফাউন্ডেশনকে সাধুবাদ জানানো হয়। চিকিৎসকদের সুবিধার্থে স্থাপিত হলেও নির্দিষ্ট সংখ্যক সাধারণ মানুষও এই বুথে করোনা স্যাম্পল প্রদান করতে পারবেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা আদিল বলেন, জাতির এই দুঃসময়ে নিজের জীবনকে বাজি রেখে যারা জনসেবা করে যাচ্ছেন, সম্মুখসারির সেই সব চিকিৎসকদের করোনা স্যাম্পল প্রদানকে আরও সহজতর করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চট্টগ্রামের সন্তান হিসেবে তাদের পাশে থাকাটাকে আমি দায়িত্ব বলেও মনে করেছি।

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম দিন থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ)। গতবছর মহামারির প্রথম ঢেউ আঘাত হানার পর সারা দেশের হাজার হাজার অসহায় মানুষের ঘরে বিনা মূল্যে খাবার পৌঁছে দেয় ফাউন্ডেশন। লকডাউনের ফলে উপার্জনহীন মানুষদেরও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়।

এছাড়া চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সম্মুখসারিতে কর্মরত পেশাজীবীদের মধ্যে পিপিইসহ অন্যান্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ, ঢাকা ও চট্টগ্রামে বিনা মূল্যে করোনা স্যাম্পল গ্রহণ এবং করোনায় মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থাও গ্রহণ করে সালমা আদিল ফাউন্ডেশন।