নেগেটিভ সনদসহ ভারতফেরত ১৮ যাত্রীর করোনা শনাক্ত

চলতি ‘লকডাউনের’ প্রথম ছয় দিনে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরা এক হাজার ৫০০ বাংলাদেশি পাসপোর্টধারীর মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের পুলিশ পাহারায় যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ছয় দিনে দেশে ফিরেছেন এক হাজার ৫০০ বাংলাদেশি। করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকা সত্ত্বেও দেশে ফেরা যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করে ১৮ জন যাত্রীর করোনা শনাক্ত হয়। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীসহ দুই দেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা।

জানা গেছে, বর্তমান করোনা পরিস্থিতিতে একমাত্র বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে স্থলপথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল সচল আছে। ভারত সরকারের নিষেধাজ্ঞায় দেশের অন্যান্য স্থলপথে ইমিগ্রেশনের কার্যক্রম সাময়িক বন্ধ আছে। বর্তমানে ভারত ভ্রমণের ক্ষেত্রে গত বছরের জুলাইয়ের পর ইস্যুকৃত নতুন ভিসা এবং ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে। এ পথে যারা যাতায়াত করছেন তাদের ৯৫ শতাংশ মেডিকেল ভিসায় যাচ্ছেন। বাকি পাঁচ শতাংশ বিজনেস, স্টুডেন্ট ও কূটনৈতিক ভিসায় যাতায়াত করছেন।

বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভাশিস রায় দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা পজিটিভ যাত্রীদের পুলিশ প্রটেকশনে বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে ভারত থেকে ফিরে আসা অধিকাংশ যাত্রীকে বেনাপোলের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। পরে তাদের নমুনা পরীক্ষা করা হবে।’ বেনাপোল চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের সতর্কতা জারি আছে বলেও জানান তিনি।