রিমান্ড শেষে ‘শিশু বক্তা’ মাদানী ফের কারাগারে

‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার দুপুরে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।

গাছা থাানর ওসি মো. ইসমাইল হোসেন জানান, মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ১৫ এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রবিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাছা থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বেলা সোয়া ১টার দিকে তাকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ১টার দিকে ফের তাকে কারাগারে নিয়ে আসে পুলিশ।

এর আগে গত ৭ এপ্রিল গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে মাদানীকে আটক করে র‌্যাব। পরদিন র‌্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদী হয়ে গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে বাসন থানায়ও তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।