অশীতিপর বৃদ্ধার ৩২ মিলিয়ন ডলার চুরি করল ১৯ বছরের কিশোর

হংকংয়ের ৯০ বছর বয়সী এক বৃদ্ধার ৩২ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রতারক দলটির মূল হোতা ১৯ বছর বয়সী এক কিশোর।

বিবিসি জানিয়েছে, নিজেকে চাইনিজ কর্মকর্তা পরিচয় দিয়ে হ্যাকাররা বৃদ্ধার থেকে ব্যক্তিগত তথ্য নেয়। ওই নারীকে বলা হয়েছিল, তার কিছু তথ্য ফাঁস হয়েছে যেগুলো উদ্ধার করতে আরও কিছু তথ্য প্রয়োজন।

এরপর ওই নারীকে হ্যাকাররা একটি ব্যাংকে ১১টি ডিপোজিট করতে বাধ্য করান। আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত তদন্তের নামে কিশোরের নেতৃত্বাধীন হ্যাকার দল এই কর্মকাণ্ড চালায়।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিন নিয়ে বের হয়েছেন।

এই ঘটনা প্রকাশ্যে আসে ওই নারীর বাড়ির কাজের লোক এ বিষয়ে তাকে সতর্ক করার পর।

ভুক্তভোগী নারী তার পরিবার ছাড়া থাকলেও বাড়িতে বেশ কয়েকজন কাজের লোক তাকে দেখাশোনা করেন।

তিনি কীভাবে এত অর্থের মালিক হলেন সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ নেই।