দ্বিতীয় ডোজ টিকা নিয়েও সপরিবারে করোনা আক্রান্ত শশী থারুর

দ্বিতীয় ডোজ টিকা নিয়েও সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন ভারতের কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুর।

বুধবার টুইটারে নিজের সংক্রমণের খবর জানিয়েছেন কংগ্রেস নেতা ও সাংসদ শশী। গত ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন তিনি। তার সঙ্গে টিকা নিয়েছিলেন তার মা এবং বোন। তিনজনেই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন শশী।

টুইটারে শশী লিখেছেন, ‘গত দু’দিন ধরে কোভিড পরীক্ষার অ্যাপয়েন্টমেন্টের জন্য ঘোরাঘুরি করে এবং রিপোর্টের জন্য প্রায় দেড় দিন অপেক্ষা করে আজ জানলাম আমি করোনায় আক্রান্ত হয়েছি’।

সংক্রমণ নিয়ে ওই টুইটে শশী লিখেছেন, করোনা পজিটিভ হওয়ার বিষয়টিকে তিনি ‘পজিটিভ’ মনোভাবেই নেওয়ার চেষ্টা করছেন। তার আশা বিশ্রাম ও ভেপার নিয়ে এবং প্রচুর পানি খেয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।

৬৫ বছরের এই রাজনীতিবিদ কংগ্রেসের প্রথম সারির নেতাদের একজন। কংগ্রেসের মনমোহন সিং এবং রাহুল গান্ধীর পর তিনিও করোনা আক্রান্ত হলেন।

শশী জানিয়েছেন, তার ৮৫ বছরের বৃদ্ধা মা এবং বোন-ও করোনায় আক্রান্ত। তিনজনেই ক্যালিফোর্নিয়ায় ফাইজারের টিকার দু’টি ডোজ নিয়েছিলেন। তারপরও করোনায় আক্রান্ত হয়েছেন।