মির্জাপুরে সহস্রাধিক শিক্ষক বৈশাখী ভাতা পাননি

টাঙ্গাইলের মির্জাপুরে কর্তৃপক্ষের ভুলের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক এখনো বৈশাখী ভাতা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। ১ বৈশাখের আগে তাদের ভাতা পাওয়ার কথা থাকলেও গতকাল বুধবার পর্যন্ত শিক্ষকরা তা পাননি বলে জানিয়েছেন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে ১৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষক রয়েছেন। প্রতি বছর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের আগে সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকরা ভাতা পেয়ে থাকেন। চলতি বছরও নিয়ম অনুয়ায়ী প্রতিটি বিদ্যালয়ের পক্ষে বৈশাখী বিল-ভাতার কাগজপত্র শিক্ষা অফিসে পাঠানো হয়। কিন্তু তারা ভাতা পাননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিগগিরই শিক্ষকরা তাদের বৈশাখী ভাতা পাবেন।