জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের সালথায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিহত ওই বৃদ্ধের নিজ বাড়ির পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে। নিহতের নাম ওলিয়ার শেখ (৬০)। তিনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত আদম শেখের ছেলে।

নিহত বৃদ্ধের স্ত্রী আলেয়া বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের বাড়ির জমি ছাড়া কোনো জমি নেই। আমার স্বামী বাড়ির পাশে তিন শতক জমি লিজ নিয়ে বেগুনের আবাদ করেছে। আমাদের বেগুনক্ষেতের পাশে প্রতিবেশী ইসহাক শেখের পানের বরজ। ওই বরজে যাওয়া-আসার জন্য ইসহাক আমার স্বামীর কাছে বেগুনক্ষেতের ভেতর দিয়ে একটি পথ বের করে দিতে বলেন। এতে আমার স্বামী রাজি না হলে তার ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে কয়েক দফা সালিশ হয়েছে। কয়েকবার আমার স্বামীর ওপর হামলাও করেছে। সর্বশেষ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাধুহাটি গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ইসহাক শেখ ও তার সহযোগীরা আমার স্বামীকে নির্মমভাবে কোপায়। মৃত্যুর আগে আমার স্বামী ওদের নাম বলে গেছে।’