পঞ্চগড়ে নর্দান ইলেকট্রিকসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমানের বিরুদ্ধে বেতনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নেসকোর পঞ্চগড় শাখার পিচরেট কর্মচারীরা।
পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আসাদুজ্জামান আপেল বলেন, ‘মানুষের বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং ও বিদ্যুৎ বিলের কাগজ পৌঁছে দেন পিচরেট কর্মচারীরা। সব মাসের বেতন নিয়মিত থাকলেও গত ডিসেম্বরের বেতন পরিশোধ করা হচ্ছে না। খোঁজ নিলে নেসকোর হিসাবরক্ষক জানান, নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান ১৪ পিচরেট কর্মচারীর বেতনের টাকা আগেই তুলে নিয়েছেন। কর্মচারীদের না দিয়ে তিনি নিজে খরচ করেছেন।’ তিনি আরও বলেন, ‘নতুন লাইন সংযোগের জন্য প্রত্যেক ফাইলে স্বাক্ষর বাবদ গ্রাহক থেকে ১ হাজার ২০০ টাকা করে নিয়েছেন আতিফুর। বিদ্যুতের খুঁটি সরবরাহেও কর্মচারীদের ব্যবহার করে তিনি মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন।’ এ সময় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন প্রধান আবিদ বলেন, ‘ডিসেম্বরের বেতন দ্রুত দেওয়া না হলে আমরা আদালতে মামলা করব।’
এ বিষয়ে আতিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।