দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক ধানকাটা শ্রমিক, গাজীপুরের কোনাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী ও লক্ষ্মীপুর সদরে পিকআপ ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরেÑ
জয়পুরহাট : পাঁচবিবিতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি এলাকার মতিউর ইসলামের ছেলে।
গাজীপুর : কোনাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের থানাধীন বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ২০-২৫ হবে বলে জানা গেছে।
লক্ষ্মীপুর : সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ৩টার দিকে উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার বলিরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার মো. স্বপন (৪৫) ও যাত্রী একই এলাকার মো. ছত্তার মাঝি (৬৫)।