সারা দেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি শেষে আরও ১ হাজার ৫৭৬ হাজতি আসামি জামিন পেয়েছেন। এ নিয়ে গত ছয় কার্যদিবসে ১২ হাজার ২৫৮ হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হলেন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য জানান। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচল ও কার্যক্রমের ওপর সরকারঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল আদালতগুলোতে ২ হাজার ৪৩৩টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬০৪, ১৩ এপ্রিল ৫ হাজার ১১০টি দরখাস্ত নিষ্পত্তি করে ৩ হাজার ২৪০, ১৫ এপ্রিল ৩ হাজার ৯৮৬টি দরখাস্ত নিষ্পত্তি করে ২ হাজার ৩৬০, ১৮ এপ্রিল ৩ হাজার ৩১৩টি দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৮৪২, ১৯ এপ্রিল ৩ হাজার ১৩৮টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬৩৫ এবং ২০ এপ্রিল ২ হাজার ৯৭৩টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৫৭৬ জন হাজতি জামিন পান। মোট ১২ হাজার ২৫৮ হাজতি আসামি জামিন পেলেন।