জন্মের দুদিন পরই মৃত্যু সুপার লিগের

ফুটবলকে বাঁচানোর ঘোষণা দিয়ে আবির্ভাবের দুদিনের মাথায় নিজেই মারা পড়ল ইউরোপিয়ান সুপার লিগ। ইউরোপের ১২টি বড় ক্লাব চ্যাম্পিয়নস লিগের জায়গায় বড় প্রাইজমানি, নিজেদের মধ্যে বেশি বেশি ম্যাচ খেলার ঘোষণা দিয়ে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিল রবিবার। কিন্তু উয়েফা-ফিফার নিষিদ্ধ করার হুমকি, অসংখ্য বর্তমান সাবেক ফুটবলার, কোচ, সরকার প্রধানের তীব্র সমালোচনার পর সমর্থকদের প্রতিবাদের মুখে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ১০ ক্লাব। বাকি রয়েছে শুধু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। বিষয়টিকে ফুটবলেরই জয় দেখছেন প-িতেরা। ব্রিটিশ পত্রিকা বর্ণনা করেছে ‘লোভের বিরুদ্ধে জয়’ হিসেবে। এমন অবস্থাতেও সুপার লিগের উদ্যোক্তরা এই আয়োজনকে যৌক্তিক বলেছেন। ভাইস-প্রেসিডেন্ট জুভেন্তাসের প্রধান আন্দ্রেয়া আগনেল্লি বলেছেন, ‘বিদ্রোহী ও বিতর্কিত তকমা পাওয়া এই লিগ আয়োজনের পদক্ষেপ নিয়ে তার কোনো অনুতাপ নেই, প্রকল্পটির সৌন্দর্যে আমি এখনো বিশ্বাসী।... তবে এটা আর হচ্ছে বলে আমি মনে করি না।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত সুপার লিগের প্রেসিডেন্ট, রিয়াল মাদ্রিদের প্রধান ফ্লোরেন্তিনো পেরেজ বা বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সমর্থকদের প্রতিবাদ

উয়েফা আয়োজিত ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে সরে এসে নিজেদের মধ্যে আলাদাভাবে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি কোনো দলের সমর্থকই ভালোভাবে নেয়নি। সোমবার অ্যানফিল্ডে ম্যাচ ছিল লিভারপুলের। সেই ম্যাচের আগে সমর্থকরা অ্যানফিল্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে একই পথে হাঁটে বাকি ইংলিশ ক্লাবের সমর্থকরাও। চেলসি সমর্থকরা ছিলেন একধাপ এগিয়ে। স্টামফোর্ড ব্রিজে চেলসির লিগ ম্যাচ ছিল মঙ্গলবার। সমর্থকরা মাঠে ঢুকতে দিচ্ছিলেন না ব্লুজদের টিম বাসকে। আটকে রেখেছিলেন। দলের সাবেক অভিজ্ঞ গোলকিপার পিওতর চেক বাস থেকে নেমে সমর্থকদের উদ্দেশে বলছিলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনা করতে দিন। এটা কোনো পন্থা হতে পারে না। আমি জানি, আপনাদের মতামত। আমাদের সময় দিন। বাসকে ঢুকতে দিন।’ বাংলাদেশ সময় মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভের মাত্রাটা বেড়ে যায় বহুগুণ।

হেন্ডারসনের উদ্যোগ

৬ ইংলিশ ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ার আগে লিভারপুলের অধিনায়ক হেন্ডারসন এক সভা ডেকেছিলেন ইপিএলে খেলা দলগুলোর অধিনায়কদের নিয়ে। সেই সভা শেষে হেন্ডারসন বিবৃতি দিয়েছিলেন, ‘আমরা এই সিদ্ধান্ত পছন্দ করছি না, এবং এমন কোনো কাজ আমরা হতে দিতে পারি না। এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। এই ক্লাব ও ক্লাবের সমর্থকদের প্রতি আমাদের পুরোপুরি ও শর্তহীন দায়বদ্ধতা রয়েছে।’

পেপের তোপ

ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা সুপার লিগের অন্যতম প্রতিষ্ঠাতা ম্যানচেস্টার সিটির কোচ। তিনি নিজ ক্লাব কর্মকর্তাদের একহাত নেন। বলেন, ‘ক্লাবের উচিত সমর্থকদের জবাবদিহি করা। ক্লাবের সমর্থকদের অধিকার আছে সবকিছু জানার। আর এটা শুধু ইংল্যান্ডের ব্যাপার নয়। ক্লাবকে বলতে হবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? এতে ক্লাবের কী আছে?’ এর আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি উদ্যোগের সমালোচনা করে বলেছিলেন, ‘যে খেলায় সাফল্যের কোনো স্বীকৃতি নেই, যে খেলায় পরিশ্রমের কোনো মূল্য নেই, সেটা কোনো খেলাই নয়। খেলাধুলায় কখনো আপনার সাফল্য নিশ্চিত হতে পারে না। খেলাধুলায় কখনো আপনি হেরে নিশ্চিন্ত থাকতে পারেন না।’

ইংলিশ ৬ ক্লাবের বিবৃতি

মঙ্গলবার দিনভর উত্তাল পরিস্থিতির পর রাতে একে একে ছয় ক্লাব বিবৃতি দিয়ে সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। যার শুরুটা করে ম্যানচেস্টার সিটি, ব্রিটিশ সময় রাত ৯টা ২৩ মিনিটে বিবৃতি দেয় ক্লাবটি। শেষটা করে চেলসি স্থানীয় সময় রাত ১২টা ৫১তে বিবৃতি দিয়ে।

চেলসির পক্ষ থেকে বলা হয়, ‘সুপার লিগে শেষের দিকে যোগ দিয়েছিল চেলসি। এখন পুরো ব্যাপারটা নিয়ে আমরা ভালোভাবে চিন্তা করার সময়-সুযোগ পেয়েছি। এরপর আমাদের মনে হয়েছেÑ এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকাটা আমাদের ক্লাবের জন্য, সমর্থকদের জন্য বা বিশ্বব্যাপী ফুটবলভক্তদের জন্য ভালো কিছু বয়ে আনবে না।’

আর্সেনাল বিবৃতি দিয়ে সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি ক্ষমা চায় সমর্থকদের কাছে। বলা হয়, ‘শেষ কিছু দিনে আপনাদের (সমর্থকদের) এবং বৃহত্তর ফুটবল সমাজের কথা শুনেছি আমরা। আমরা সুপার লিগ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি। আমরা একটা ভুল করেছি। আর আমরা এর জন্য ক্ষমা চাইছি।’ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে লিভারপুল জানায়, ‘সাম্প্রতিক দিনগুলোতে ক্লাব অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে বিভিন্ন মূল স্টেকহোল্ডারদের কাছ থেকে উপস্থাপনা পেয়েছে এবং আমরা তাদের মূল্যবান অবদানের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।’ তাদের মূল বক্তব্য ছিল এমনÑ ‘লিভারপুল ফুটবল ক্লাব নিশ্চিত করছে, ইউরোপিয়ান সুপার লিগ গঠনের প্রস্তাবনা থেকে আমাদের ক্লাব নিজেদের সরিয়ে নিয়েছে।’ ম্যানসিটি জানায়, ‘ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে, ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনা উদ্দীপক গ্রুপটি থেকে বেরিয়ে আসার পদ্ধতি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে।’ ম্যানইউ জানিয়েছে তারা সমর্থকদের কথা শুনেছে, ‘আমরা সমর্থকদের প্রতিক্রিয়া, ইউকে সরকারের এবং স্টেক হোল্ডারদের কথা ভালোমতো শুনেছি।’ টটেনহ্যামও এক বিবৃতিতে সুপার লিগ থেকে সরে আসার কথা জানায়। তাদের অফিশিয়াল ফেইসবুক পেজে লেখা হয়Ñ ‘আমরা নিশ্চিত করছি যে আমরা ইউরোপিয়ান সুপার লিগের (ইএসএল) প্রস্তাবগুলো প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু করেছি।’ ইএসএল প্রস্তাবের ফলে সমর্থকদের উদ্বেগ ও বিচলিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্লাবটি।

লিভারপুল মালিকের ক্ষমা প্রার্থনা

সুপার লিগে যোগদান করেছিলেন বলে লিভারপুল ক্লাবের মালিক জন হেনরি ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘গেল ৪৮ ঘণ্টায় যা হয়েছে তার জন্য আমি সব ফ্যান এবং লিভারপুল ফুটবলের সব সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমরা না বলেই গিয়েছিলাম কিন্তু বলা উচিত ছিল। সমর্থকদের সমর্থন ছাড়া প্রকল্প কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। ইংল্যান্ডের সমর্থকরাও এর ব্যতিক্রম ভাবেনি। ৪৮ ঘণ্টায় আমরা আপনাদের মতবাদের বিষয়ে পরিষ্কার হয়েছি। বুঝতে পেরেছি। আমরা আপনাদের কথা শুনেছি। আমি শুনেছি।’

স্পেনে প্রথম আতলেতিকো

স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে সবার আগে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকো দীর্ঘ এক বিবৃতি দেয়। তার প্রথমেই ছিল এমনÑ ‘আতলেতিকোর বোর্ড অব ডিরেক্টররা বুধবার এক মিটিং করেছেন। সুপার লিগ এবং বাকি ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিয়েছেন এই প্রজেক্টের সঙ্গে নেই।’

ইন্তার জানাল আগে

সিরি আ’র তিনটি ক্লাব ছিল সুপার লিগের প্রতিষ্ঠাতা ক্লাব হিসেবে। ক্লাবের পক্ষ থেকে অফিশিয়াল বিবৃতির মাধ্যমে সবার আগে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে ইতালিয়ান ক্লাব ইন্তার। তারা বিবৃতিতে জানায়, ‘এফসি

ইন্তার মিলান এটি নিশ্চিত করছে যে ক্লাব এখন আর সুপার লিগ প্রজেক্টের অংশ নয়।’ বিবৃতিতে ক্লাবটি এর সমর্থক, স্টেকহোল্ডারদের কথাও উল্লেখ করে। এসি মিলান ও জুভেন্তাসও আলাদাভাবে বিবৃতি দিয়েছে।